চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ আগস্ট বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।