বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সকল সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊধ্বর্তন সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ১ লাখ ৯২ হাজার ১৭৩টি গাছের চারা রোপণ করা হবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্যে।