কয়েক দিন আগেই বলেছিলেন, ‘এখনো অবসর নেওয়ার সময় হয়নি।’ কিন্তু ‘সুপারম্যান’ যে বুড়ো হয়ে গেছেন সেটা হয়তো বুঝতে সময় লাগেনি লাতান ইব্রাহিমোচভিচের।
আগামী অক্টোবরে ৪২ বছর পূর্ণ করতে যাওয়া এসি মিলানের এই সুইডিশ তারকা ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিয়েছেন।
রবিবার (৪ জুন) রাতে সান সিরোর ইতালিয়ান সিরি আয় চলতি মৌসুমের শেষ ম্যাচে ভেরোনার বিপক্ষে মাঠে নেমেছিল এসি মিলান। তবে চোটের কারণে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয় ইব্রাহিমোচভিচের।
ম্যাচশেষে দর্শকদের সামনে ফুটবলকে বিদায় জানিয়ে ইব্রা বলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’
ইব্রাকে বিদায় দিতে সান সিরোয়া মিলানের সমর্থকেরা ‘গুডবাই’ লেখা বড় ব্যানার নিয়ে এসেছিলেন। স্টেডিয়ামে তার নামে জয়ধ্বনি দিতে থাকেন ভক্ত সমর্থকরা। ইব্রা সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে চোখ ছলছল হয়ে ওঠে তার। বুকের ওপর হাত দিয়ে হৃদয়ের আকৃতি তৈরি করে সমর্থকদের দিকে উড়ন্ত চুমো ছুড়ে দেন ‘সুপারম্যান’।
ম্যাচের পরেও ছিল বিশেষ একটি অনুষ্ঠান। যেখানে মিলানের খেলোয়াড় ও স্টাফরা তাঁকে মাঠে গার্ড অব অনার দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু ইব্রাহিমোভিচের। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে দাপটের সঙ্গে খেলেন তিনি। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে শেষ পর্যন্ত এসি মিলানে দুই যুগের ফুটবল জীবনের সমাপ্তি টানলেন এই কিংবদন্তি।