কয়লার অভাবে বন্ধ হয়ে গেলো দেশের বৃহত্তম ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
সোমবার (৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় ইউনিটের জ্বালানি শেষ হয়ে যায়। এরই মধ্য দিয়ে বন্ধ হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
বলা হচ্ছে, আগামী ২৫ জুন কয়লা আমদানি হলে ১ জুলাই থেকে ফের উৎপাদনে যাবে এই বিদ্যুৎকেন্দ্র। সময়মতো কয়লার বকেয়া বিল ডলারে পরিশোধ করতে না পারায় দেশের সবচেয়ে বড় এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ করা হলো।
কর্তৃপক্ষ বলছে, বকেয়ার প্রায় ১০০ মিলিয়ন ডলার পরিশোধের পর নতুন করে এলসি খুললেও কয়লা আসতে সময় লাগবে অন্তত তিন সপ্তাহ। ফলে অন্তত আগামী ২১ দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে সাশ্রয়ী এ বিদ্যুৎ কেন্দ্রটি।
প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় এ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা শতভাগ। আবার সবচেয়ে কম দামেও বিদ্যুৎ মিলতো এখান থেকেই। ফলে এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।