প্রকৃতির অক্ষুণ্নতা বজায় রেখে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ বলেছেন, মানব সম্প্রদায় ও প্রাণীকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই।
তিনি বলেন, মানবসৃষ্ট বিভিন্ন উপায়ে আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি। পরিবেশ দূষণকে আরও বেশি সমস্যাসংকুল করে তুলেছে প্লাস্টিকজাত পণ্যের অপরিকল্পিত ব্যবহার। প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী, ভোক্তাসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান।
এ সময় বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য— ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এবং এবারের স্লোগান— ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও রাষ্ট্রপতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন।