আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’ স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’

দিনটি উপলক্ষে সরকারিভাবে নেওয়া নানা কর্মসূচী সর্ম্পকে জানাতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২২, জাতীয় পরিবেশ পদক ২০২২, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত। ২৭ থেকে ৩০ জুন ঈদ উল আযহার সরকারি ছুটি থাকায় বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত।