পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকেই পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হবে।
আজ রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এবার সরকার আবার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বাজারে এখন মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।