বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল ও কয়লা কেনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৪ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এ সময় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জ্বালানি তেলের অভাবে বিশ্বব্যাপী অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে কেবল বাংলাদেশ নয়, উন্নত বিশ্বও হিমশিম খেয়ে যাচ্ছে। ইউরোপ-আমেরিকাতেও জ্বালানির অভাব হচ্ছে। সেখানেও লোডশেডিং হচ্ছে। সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে।

বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি সঙ্কট উত্তরণে আমরা ইতোমধ্যে কাতার ও ওমানের সঙ্গে চুক্তি করেছি। জলবিদ্যুৎ আমদানির উদ্যোগও নেয়া হয়েছে। কয়লা কেনার ব্যবস্থাও নেয়া হয়েছে।

বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে; এমন আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সকলকে খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং সাশ্রয়ী হতে হবে। কারণ, এই অস্বাভাবিক পরিস্থিতি আর কতদিন চলবে কেউ বলতে পারে না। বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকেও যেতে পারে। তবে আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য, তাদের খাদ্য নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা করে যাবো।