নির্বাচন কমিশন থেকে ঘোষিত অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামী। তাই কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৩০ মে) ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের মতো অনিবন্ধিত দলকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না।

তিনি আরও বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় আওয়ামী লীগের কার্যালয়।

উল্লেখ্য, রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ৪ সদস্যের প্রতিনিধিদলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করা হয়। পরে অবশ‌্য তাদের ছেড়ে দেওয়া হয়।