শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই স্থিতিশীলতা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ সেটা আজও অনুসরণ করছে বাংলাদেশ। সংঘাত নয়, আমরা শান্তি চাই। যেকোনো সংঘাত আলোচনায় সমাধান চাই। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। শান্তির জন্য যা যা করার দরকার, বাংলাদেশ তাই করবে।

সরকারপ্রধান বলেন, শুধু বিশ্ব নয়, বাংলাদেশেও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করছি। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

বহির্বিশ্বে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক নারী শান্তিরক্ষী চেয়েছে, যা আমাদের জন্য গৌরব ও সম্মানের।