পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তির পক্ষে সোচ্চার ছিলেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

রবিবার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রদত্ত এক ভিডিও বার্তায় ড. মোমেন এই কথা বলেন।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু ‘সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’- এই বৈদেশিক নীতি ঘোষণা করেছিলেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় ‘বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনে আমাদের অঙ্গীকার হবে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাওয়া- তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জিত হবে’ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে।