বিশ্বের মুসলমানদের আরও সংহত করা ও শক্তিশালী অবস্থান তৈরি করার বিষয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (২৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে সফররত ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান মন্ত্রী।
ড. মোমেন বলেন, ‘বিশ্বে মুসলমানদের আরও সংহত এবং শক্তিশালী অবস্থান নিতে হবে। এটা নিয়ে আমরা আলাপ করেছি। নানান দেশে বিভিন্ন নামে মুসলমানদের ধর্মগ্রন্থ পুড়িয়া ফেলে… এ নিয়ে কেবল শুধু অভিযোগই করা হয়। এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তারা (বিশ্ব সম্প্রদায়) নেন না। আমরা ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছি।’
এ সময় মুসলিম দেশগুলোর সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট সম্ভবনা আছে, আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না করি তাহলে আমাদের আরও উন্নতি হতো। বিশ্ব পরিপ্রেক্ষিতে আমরা সেগুলোই আলোচনা করেছি।’