চ্যাম্পিয়নস লিগের রাজাদের গুঁড়িয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখলো ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন এদের মিলতাও।

শেষ দিকে চতুর্থ গোলটি করেন হুলিয়ান আলভারেস।

প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে উঠলো সিটি।

গত আসরের সেমিফাইনালে এই রিয়ালের বিপক্ষেই ফিরতি লেগে অবিশ্বাস্য কয়েক মিনিটে পথ হারিয়ে হেরে বসেছিল সিটি। এবার আর কোনো ভুল হতে দেয়নি তারা। বলা যায়, ইউরোপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের কোনো পাত্তাই দেয়নি তারা।

ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। আগামী ১০ জুন ইস্তানবুলে তিনবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে গার্দিওলার সিটি।