মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।
শুক্রবার (১২ মে) দুপুরে ভার্চ্যুয়াল বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে ২২টি জেলার ডিসি ও ইউএনও অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান।
এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, মোখা মোকাবিলায় তারা যেন তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেন, সেজন্য অনেকগুলো বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, তাদের শুকনা খাবার, দিয়াশলাই ও মোমবাতি প্রস্তুত রাখতে বলা হয়েছে। উদ্ধারকারী বোট, ট্রলার ও গাড়িগুলোও সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।
আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, প্রথমে দুর্গতদের নিয়ে আসার জন্য মোটিভেশন (উৎসাহ) দিতে বলা হয়েছে। তাতে যদি সফল না হয়, তাহলে জোর করে হলেও তাদের নিয়ে আসতে হবে। কারণ মানুষের ক্ষতি হোক; তা আমরা কখনোই চাইব না। জোর করে হলেও তাদের কাছাকাছি আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যেতে হবে। বিশেষ করে, আশ্রয় কেন্দ্রগুলোতে বয়স্ক, শিশু ও নারীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
সচিব জানান, খাবার পানি বিশুদ্ধ করার ট্যাবলেট পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সেগুলো সব জায়গায় চলে গেছে। প্রয়োজনীয় ওষুধ সামগ্রীসহ মেডিক্যাল টিমও প্রস্তুত আছে।