চলতি বছর হজের কোটা পূরণ না হলেও আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
নির্ধারিত সময়ে হজ কোটা পূরণ না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ৯ বার সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
সরকারিভাবে হজ পালনে এবার খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের হজ প্যাকেজ থেকে দেড় থেকে দুই লাখ টাকা বেশি।
আইকে