ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সুদানে চলমান যুদ্ধে বিবাদমান দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটির রাজধানী খার্তুমের অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গুলি আঘাত হেনেছে। গোলাগুলিতে দূতাবাসটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসাতেও গুলি লাগে। তার বাসভবনটিও খার্তুমেই।
বুধবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুদানে বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গুলির আঘাতে দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা সুদানের রাজধানী খার্তুম ত্যাগ করে ২৪০ কিলোমিটার দূরের মাদানী শহরে অবস্থান করছেন।
উল্লেখ্য, আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদানে গত ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হলে এ পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আবাসিক এলাকাও পরিণত হয়েছে রণক্ষেত্রে। রাজধানী খার্তুমের লাখ লাখ মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে অবশ্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্ততায় দুপক্ষ সোমবার মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করছে।
আইকে