ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে। জবাবে ৩২৭ রান করে শ্রীলঙ্কা।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক উপল থারাঙ্গা। কিন্তু দিন শেষে হাসলেন শুধু ডু প্লেসি। থারাঙ্গা সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারেননি। ৪০ রানের হারে ৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে সফরকারীরা। শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠবে ভিলিয়ার্সের দল।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮৮ রান করেছেন গ্যারি কারস্টেন। ডু প্লেসির এ রেকর্ড ভাঙার সুযোগ ছিল। কিন্তু ডানহাতি এ ব্যাটসম্যানের ইনিংসটি থেমে যায় ১৮৫ রানে। ১৪১ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান ডু প্লেসি। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দলের দুই সেরা তারকা তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন।

পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান জমা করে শ্রীলঙ্কার দুই ওপেনার থারাঙ্গা ও ডিকয়েল্লা। ডিকয়েল্লা ৫৮ রানে সাজঘরে ফিরলেও থারাঙ্গা ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে যান। বাঁহাতি এ ব্যাটসম্যান ৭৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু সেঞ্চুরির পর ১৯ রান যোগ করে সাজঘরে ফিরেন লঙ্কান অধিনায়ক। ৯০ বলে ১১ চার ও ৭ ছক্কায় থারাঙ্গার ১১৯ রানের ইনিংসটি থামে পারনেলের বলে। এরপর লঙ্কানদের হয়ে একাই লড়ে যান সানদুন উইরাকোডি। ৫৮ রান আসে তার ব্যাট থেকে। ৩০৭ রান থেকে ৩২৭ রানে যেতেই শেষ ৬ উইকেট হারায় লঙ্কানরা। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেলেও মিডল অর্ডারে কোনো প্রতিরোধ পায়নি শ্রীলঙ্কা। বল হাতে ৪ উইকেট নেন পার্নেল।
ম্যাচ সেরা নির্বাচিত হন ফাফ ডু প্লেসি।