ভারতে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে তাপজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা অবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান।

মূলত রোববার বেলা সাড়ে ১১টা থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। তবে সকাল থেকেই সাধারণ মানুষ ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বেলা বাড়তেই চারিদিক ঘেরা ওই জায়গায় ভিড় আরও বেড়ে যায়। কিন্তু মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

অনুষ্ঠানটি নভি মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এখানে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়।

আইকে