দুর্ঘটনা এড়াতে ঈদের দিনসহ আগে ও পরে অন্তত ৯ দিন সব মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এ ছাড়া ঈদযাত্রায় মহাসড়কসহ সব আন্তঃজেলা সড়কে তিন চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৩ এপ্রিল) সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান।

এ ছাড়া নাগরিক সংগঠনটির নেতারা সারা দেশের সব সড়ক ও মহাসড়কে অনিবন্ধিত, ত্রুটিপূর্ণ ও অননুমোদিত সব ধরনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্র ও অনিরাপদ যানবাহন মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে বাস-ট্রাকের মতো বড় গাড়ির গতি কমিয়ে দেয়। এতে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি বাড়ে।

আইকে