পবিত্র মাহে রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম যব বা বাজার মূল্য ৩৯৬ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর বা বাজার মূল্য ১ হাজার ৯৮০ টাকা ও ৩ কেজি ৩০০ গ্রাম পনির বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা দিতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

এর আগে, গত বছরও (২০২২ সালে) সর্বোচ্চ ফিতরা ছিল ২ হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা।

আইকে