প্রিয়আলো প্রতিনিধি: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিউল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই পথচারী আহত হয়। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাতরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী রুহুল আমিন জানান, ওই বাসটি খুব দ্রুত এসে তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। আহত ইসমাইল (১৮) ও জাফর (৩০) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরে বলাকা নামের ওই বাসের চালক আবদুস সামাদকে (৫৫) আটক করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতঃ

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানা এলাকার হোটেল লা-মেরিডিয়ানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিলয়ের বাবার নাম শাহাদাৎ আলী। তিনি গেন্ডারিয়া এলাকার এস কে দাস রোডের ২৬ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। লেখাপড়ার পাশাপাশি নিলয় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী মো. আলমগীর প্রিয়আলোকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিলয় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় নিলয়কে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।