খেলাধুলা 34ডেস্ক: বিপিএলে নিজের প্রথম ম্যাচেই নিয়েছেন ৫ উইকেট। বিদায় করেছেন ক্রিস গেইলদের মতো ব্যাটসম্যানদের। তাহলে কে এই আফিফ ?
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলের দল রাজশাহী কিংসে ডাক পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচ খেলতে নেমেই জাদু দেখালেন বল হাতে।

প্রথম ওভারেই জহুরুল ইসলাম অমিকে ফিরিয়ে প্রথম সফলতা পান এ ডানহাতি অফস্পিনার। নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করে দেন চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে আসা ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে। আর নিজের তৃতীয় শিকার বানান জাকির হাসানকে।

ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দুই সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।

টপঅর্ডারে একজন ইনফর্ম ব্যাটসম্যান চাইছিল রাজশাহী কিংস। ধ্রুবকে নিতে তাই বিলম্ব করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল অভিষেকে বল হাতে আলো কেড়েছেন বিকেএসপির এ ছাত্র।

ধ্রুব’র ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান জানান বলেন, ‘অনুশীলন ম্যাচে ধ্রুব অসাধারণ ব্যাটিং করেছে। প্রতিটা ম্যাচেই রান করেছে। এজন্যই রাজশাহী কিংস তাকে দলে নিয়েছে। সে খুব ভালো ক্রিকেটার।’