প্রিয়আলো ডেস্ক : পানি সম্মেলন উপলক্ষ্যে হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরিতে অনুষ্ঠিত বুদাপেস্ট পানি সম্মেলন নিয়ে আজ শনিবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।
গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বরাবরের মতো দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শেখ হাসিনা।
হাঙ্গেরিতে চার দিনের সফর শেষে গত বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে গত সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেন। এ ছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকে এবং প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। একই দিন প্রধানমন্ত্রী বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সম্মানে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য দেন। এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিদেশ সফরের বাইরেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পাশাপাশি বেসরকারি টেলিভিশনগুলোও এসব সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করে।
চলতি মাসের শেষভাগে সারা দেশে জেলা পরিষদ নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ থাকায় সে প্রসঙ্গ এবার স্বাভাবিকভাবেই আসতে পারে সাংবাদিকদের প্রশ্নে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত মাসে যেসব প্রস্তাব দিয়েছেন, সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত জানারও সুযোগ মিলতে পারে এই সংবাদ সম্মেলনে। তাছাড়া গত অক্টোবরের শেষে ‘স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে’ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা-ভাংচুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষ-হতাহতের ঘটনা ছিল সাম্প্রতিক সময়ের আলোচিত দুটি বিষয়।
হাঙ্গেরি সফরে রওনা হওয়ার দিন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্র“টির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয়। কোনো বিপদ না ঘটলেও এর মধ্য দিয়ে ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে গত রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছানোর পর গত বুধবার মধ্যরাতে দেশে ফেরেন শেখ হাসিনা।
পানি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। তাদের উপস্থিতিতে পানি ব্যবস্থাপনা ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়েছিল হাঙ্গেরি। ইউরোপের যে দেশগুলো স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্েয হাঙ্গেরি অন্যতম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর বাংলাদেশে হাঙ্গেরির দূতাবাস বন্ধ করে দেয় সে দেশের সরকার। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ২০১৮ সালের মধ্যে ঢাকায় আবারও হাঙ্গেরির দূতাবাস খুলতে পারে বলে ঈঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ ও হাঙ্গেরির পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সফরের মধ্যে দিয়ে উজ্জীবিত হবে এবং তা সম্ভাবনার পূর্ণতায় পৌঁছাবে বলে গত বুধবার এক যৌথ বিবৃতিতে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
এছাড়া বুদাপেস্ট ওয়াটার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশ্বজুড়ে পানির নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা প্রস্তাব তুলে ধরেন।