প্রিয়আলো ডেস্কঃ 

রিয়ালে অভিষেকেই জিদানের ছেলে এনজোর বাজিমাৎ

বাবা কোচ এখন। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার। জিনেদিন জিদান। তার ছেলে এনজো জিদান। বাবার ক্লাব রিয়াল মাদ্রিদেই বেড়ে ওঠা। হচ্ছি হচ্ছি করে ক্লাবের মূল দলে অভিষেক হচ্ছিলই না। বুধবার রাতে সেটা হয়ে গেল। আর অভিষেক ম্যাচেই বাবা জিদানের বুকটা কয়েক গুণ চওড়া করে দিলেন ২১ বছরের এনজো। বড় জয়ের ম্যাচটিতে মাঠে নেমেই গোল করেছেন বাবার মতোই মিডফিল্ডার এনজো।

জিদানের চার সন্তানের মধ্যে বড় এনজো। বাবার ভালোবাসাটা হয়তো একটু বেশিই পেয়ে থাকেন। আর এখন তো মাঠের বাইরে ও মাঠে বাবারই সাগরেদ! তো কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় সারির দল কালচারাল লেওনেসারের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেলেন। এই ম্যাচে বড় তারকারা ছিলেন না। সেই সুযোগে মাঠে নেমেই গোল করে বাবার সম্মান রেখেছেন এনজো। ছেলের এমন সাফল্যে দারুণ খুশি রিয়াল কোচ। এই ম্যাচ ৬-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার সুযোগ পান এনজো। গোল পেতে অবশ্য বেশি সময় নেননি তিনি। ম্যাচের ৬৩তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে সতীর্থের বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। তারপর ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে আনন্দে মাতেন অন্যদের সাথে। অভিষেক ম্যাচে অভিষেক গোলের আনন্দটাই আলাদা! এই ম্যাচে মারিয়ানো দিয়াজ করেন হ্যাটট্রিক। রিয়ালের হয়ে ফার্নান্দো করেন আরেকটি গোল। অপর গোলটি আত্মঘাতী।

এর আগে রিয়ালের হয়ে অনুশীলন ম্যাচ খেলেছেন এনজো। তবে মূল দলে তো এই প্রথম। তার আগে ক্লাবের দ্বিতীয় দলের হয়ে এক সময় বাবার কোচিংয়েই বেড়ে উঠেছেন এনজো।