প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে সকালে ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ দলের বৈঠকে রাষ্ট্রপতি পদের মনোনয়নের জন্য সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। সেই ক্ষমতাবলে তিনি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি রাষ্ট্রপতি পদে বাছাই করেন।

উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল।

আইকে