দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন।

জাতীয় সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক এই কমিশনারই রাষ্ট্রপতি হচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। বিরোধী দল জাতীয় পার্টি রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী দেবে না, সে কথা জানিয়ে দিয়েছেন আগেই।

এদিকে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কাযক্রম শুরু হবে ১৩ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার করা হবে ১৪ ফেব্রুয়ারি। এরপর জাতীয় সংসদ ভবনে ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অবশ্য রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিনেই একক প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আইকে