নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি চোরাগুপ্তা পথে আবার আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিবাচনে জঙ্গিবাদকে মাঠে নামানোর আলামত ও ইশারা পাওয়া যাচ্ছে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আক্রমণে যাবেন না। তবে আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ করতে হবে।
বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে।
এ সময় শেষ পর্যন্ত বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ অন্যান্যরা।
এ সময়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতির ঘোষণা দেন।
আইকে