সদ্য নির্বাচিত ছয় জন সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হলেন ৩৪৯ জন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথমে ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন।
নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি।
উল্লেখ্য, বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা ৮ ফেব্রুয়ারিতে শপথ নেন। শপথ নেওয়ার ফলে এমপি হিসেবে গণ্য হওয়ার প্রেক্ষাপটে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে।
আইকে