তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কের ২০ হাজার ২১৩ এবং সিরিয়ায় ৩ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশসহ অনেক দেশ এরইমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছেন।

আইকে