202

সেঞ্চুরির পর আজহার আলী

ক্রীড়া ডেস্ক : প্রথম দুই টেস্টের চার ইনিংস মিলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৮ রান। তবে এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টে আজহার আলী রানে ফিরেছেন, তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

 

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৭ রানের জবাবে পাকিস্তান দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই মোহাম্মদ হাফিজের উইকেট হারায়। এর পরই ক্রিজে আসেন আজহার।

 

তৃতীয় উইকেটে তিনি সামি আসলামকে নিয়ে গড়েন প্রতিরোধ। দুজনই তুলে নেন ফিফটি। আজহার ১২৯ বলে, আর সামি ১৩৫ বলে।

 

সামি (৮২) রানআউটে কাটা পড়লে ভাঙে তাদের ১৮১ রানের বড় জুটি। ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।

 

সামি সেঞ্চুরি মিস করলেও আজহার ভুল করেননি। ব্যক্তিগত ৯৬ রান থেকে স্টুয়ার্ট ব্রডকে চার মেরে ২০৮ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। এর ফলে সেঞ্চুরির ‘দুই অঙ্ক’ ছুঁয়ে ফেললেন আজহার, এটা যে তার দশম টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়।

 

গত দশ বছরে এই প্রথম পাকিস্তানের কোনো ব্যাটসম্যান তিনে নেমে এশিয়ার বাইরে সেঞ্চুরি পেলেন। ২০০৬ সালে লিডস টেস্টে তিনে নেমে ১৭৩ করেছিলেন ইউনিস খান।

 

আজহারের সেঞ্চুরি আর সামির ৮২ রানের সুবাদে এজবাস্টনে ভালো অবস্থানে আছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৩২ রান। আজহার ১২৫ ও ইউনিস খান ১০ রান নিয়ে তখন ব্যাটিংয়ে।