নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ বছর বয়সী সংগীতশিল্পী সুমিত্রা সেন। গত বছরের ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন গণমাধ্যমে জানান, ‘ফুসফুসে নিউমোনিয়ার প্যাচ রয়েছে সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০ পূর্ণ করবেন সুমিত্রা সেন।’

তিনি আরও বলেন, ‘গত মাসে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।’

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। তবে অবস্থা সংকটজনক।

প্রসঙ্গত, রবীন্দ্রসংগীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে, ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সংগীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্রসংগীত চর্চা করে গেছেন ছোট মেয়ে শ্রাবণী সেন। তবে ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজের ছাপ ফেলেছেন।

আইকে