ক্রীড়া ac_milan1467780319ডেস্ক : দুই বছর ধরে এসি মিলান ক্লাব বিক্রির চেষ্টা করে আসছিলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্লাবটির মালিক সিলভিও বেরলুসকোনি। অবশেষে তিনি ক্লাবটি বিক্রি করতে সক্ষম হলেন। চীনা কনসোর্টিয়াম এসি মিলান ক্লাব কিনে নিয়েছে।

 

মঙ্গলবার সিলভিও বেরলুসকোনি ক্লাব বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই বছর চীনা কনসোর্টিয়াম ৪০০ মিলিয়ন ইউরো ক্লাবটিকে প্রদান করবে।

 

৭৯ বছর বয়সি সিলভিও বেরলুসকোনি গণমাধ্যমকে বলেন, ‘ক্রেতার নামটি সুস্পষ্ট কারণেই বলছি না। শুধু এটুকু নিশ্চিত করছি, মিলানের ক্লাবটিকে কিনে নিয়েছে চীনা গ্রুপ। ক্লাবটিকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। এসি মিলান একটি ব্র্যান্ড, অসাধারণ ক্লাব। বিশ্বব্যাপী পরিচিত একটি নাম। নতুন মালিক ক্লাবটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

 

ইউরোপের সেরা ক্লাব এসি মিলানের ঐতিহ্য অনেক সমৃদ্ধ। বিশ্বসেরা অনেক খেলোয়াড় ক্লাবটির জার্সিতে খেলেছেন। গত বছর ক্লাবটির ৯৩.৫ মিলিয়ন ইউরো লোকসান হয়। গত বছরই ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেন সিলভিও বেরলুসকোনি। থাই ধনকুবের বি তায়েচাউবলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দেনদরবার চলছিল মিলান কর্তৃপক্ষের। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যকার আলোচনা ভেস্তে যায়।

 

এরপর চীনা কনসোর্টিয়াম আগ্রহ প্রকাশ করায় মিলানের ক্লাবটিকে বিক্রি করে দেন সিলভিও বেরলুসকোনি।

 

শুধু এসি মিলান না, ইউরোপের অনেক ক্লাবের মালিক এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক ধনকুবের। এসি মিলানের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ক্লাবটিকে গত মাসে কিনে নেয় চায়নিজ ইলেকট্রনিকস কোম্পানি সুনিং কমার্স গ্রুপ। ৭৬ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা ক্লাব কিনে নেন চীনা ব্যবসায়ী টনি জিয়া।

 

তথ্যসূত্র : বিবিসি