mustafiz11464529511

মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক : সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে এই সময়ের সেরা পেসার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। একই কথা বলেছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকর এবং কৃষ্ণমাচারি শ্রীকান্তও।

 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে আসছেন মুস্তাফিজ। পাকিস্তানের সঙ্গে অভিষেক টি-টোয়েন্টিতেই নিয়েছিলেন ২ উইকেট।

 

ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই নেন ৯ উইকেট।

 

বাংলাদেশের তরুণ পেসার দুর্দান্ত খেলছেন আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। উইকেটের চেয়েও বড় বিষয়, তার বল খেলতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও যে খাবি খেয়ে যাচ্ছেন! তার কাটার, স্লোয়ার, ইয়র্কার তো ব্যাটসম্যানদের জন্য বড় ধাঁধা।

 

সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজকে এই সময়ের সেরা পেসার উল্লেখ করে রমিজ রাজা বলেন, ‘জেমস অ্যান্ডারসন ও ডেল স্টেইনের মতো অনেকেই আছে যারা টেস্টে দুর্দান্ত। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে মুস্তাফিজুরই সেরা পেসার। আমাদের ওয়াহাব রিয়াজও ভালো, কিন্তু রিয়াজের সেরা মুহূর্তগুলো টেস্টেই বেশি।’

 

আফগানিস্তানের বোলিং কোচ ও ভারতের প্রাক্তন পেসার মনোজ প্রভাকরও রমিজ রাজার সঙ্গে একমত, ‘বর্তমানে মুস্তাফিজুরই যে সেরা বোলার তাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা খুব ভালো ইয়র্কার করতে পারে। কিন্তু বর্তমানে নিজের সেরা সময় কাটাচ্ছে মুস্তাফিজুর। তার কাটারগুলো অনেক দ্রুতগতির। তার আরো অনেক বৈচিত্র্য আছে, সেগুলোও দারুণভাবে ব্যবহার করে।’

 

এবারের আইপিএলে মুস্তাফিজের ইকোনোমি রেট ৬.৭৪। ডেথ ওভারে সেরা ইকোনোমি রেট (৭.৭৪) মুস্তাফিজেরই। তার ১৬ উইকেটের বেশিরভাগই এসেছে গুরুত্বপূর্ণ সময়ে।

 

মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় প্রভাকর আরো বলেন, ‘আপনার যদি বল সুইং করতে সমস্যা হয় তাহলে ক্রস সিমে বল করতে পারাটা গুরুত্বপূর্ণ। কিন্তু মুস্তাফিজুরের সেটারও প্রয়োজন হয় না।’

 

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘বর্তমানে তার চেয়ে ভালো খুব বেশি নেই। তাকে সেরা বলতে হলে এভাবে আরো কিছুদিন খেলতে হবে। তবে এখনকার বোলারদের মধ্যে অন্যদের চেয়ে সে এগিয়ে।’

 

তথ্যসূত্র: ক্রিকবাজ।