49

( বিগত ম্যাচের ছবি )

ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মিরপুরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক বাংলাদেশ।

 

ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমিরা। কিন্তু তাদের জন্য কিছুটা দুঃসংবাদ হয়ে এসেছে বৃষ্টি। ফাল্গুনের হঠাৎ বৃষ্টি যে ম্যাচটাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

 

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায়।

 

বুধবার ভোররাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বেলা ১২টার দিকে রাজধানীতে এক পশলা শিলাবৃষ্টিও হয়েছে। খানিক বাদে যদিও রোদ উঠেছিল। কিন্তু তারপরেই আবারও বৃষ্টি হানা দেয়।

 

অবশ্য বিকেল চারটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছে দেখা যায়, মাঠের ত্রিপলগুলো উঠিয়ে নেওয়া শুরু করেছে মাঠকর্মীরা। পানি নিষ্কাশনের কাজ করছে তারা। ধারণা করা হচ্ছে, পুনরায় বৃষ্টি না হলে যথাসময়ে অর্থ্যাৎ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

 

ভারতীয় দলের লিঁয়াজো অফিসার হাসানুজ্জামান ঝড়ু “প্রিয় আলোকে” বলেন, ‘ভারতীয় ক্রিকেট দল বিকেল পাঁচটায় টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবে।’ ভারতের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলও একই সময়ে হোটেল ত্যাগ করবে।