ক্রীড়া
ডেস্ক : আইপিএলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে রোববার বিকেল সাড়ে চারটায় ইডেন গার্ডেনে নামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
টস জিতে স্বাগতিক কলকাতাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে হায়দরাবাদ। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।
আগে ব্যাটিংয়ে নেমে ইডেন গার্ডেনে নিজেদের শুরুটা বেশ ভালোই করেছিল কলকাতা। শুরুর দিকে বেশ দ্রুত গতিতেই রান তোলা শুরু করেন দলটির দুই ওপেনার রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর। তবে দলীয় ৩৩ রানে উথাপ্পাকে(২৫) আউট করে কলকাতার রানের গতি থামিয়ে দেন বারিন্দার স্রান । এরপর দলীয় অধিনায়ক গম্ভীর আউট হন ১৬ রানে।
তবে চতুর্থ উইকেট জুটিতে মানীষ পান্ডের সঙ্গে দারুণ জুটিতে কলকাতাকে অনেক দূর নিয়ে যান ইউসুফ পাঠান। তারা দুজনে মিলে ৮৭ রানের অসাধারণ এক জুটি গড়েন। পান্ডে ৪৮ রানে আউট হলেও সর্বোচ্চ ৫২ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে আজও ভালো করতে পারেননি। ১০ বল মোকাবেলা করে মাত্র ৭ রান করে আউট হয়েছেন তিনি।
বল হাতে হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও দিপক হুদা। বারিন্দার স্রান নেন একটি উইকেট। আর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩২ রানের খরচায় পান একটি উইকেট।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদের হয়ে নিয়মিত ভালো করা ওয়ার্নার (১৮) ভালো করতে না পারলেও ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছিলেন শিখর ধাওয়ান। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রান আসে তার ব্যাট থেকেই। তাছাড়া দলের হয়ে আর কেউ ২০ এর কোটা অতিক্রম করতে পারেননি। হায়দরাবাদের হয়ে যুবরাজ ১৯ ও নোমান ওঝা ১৫ রান করেন।
বল হাতে কলকাতার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান সুনীল নারিন। কুলদ্বীপ যাদব ২টি উইকেট পান। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভারে ৩৪ রান দিয়ে পান ১টি উইকেট।
সানরাইজার্স হায়দরাবাদ এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। আজ শেষ ম্যাচে জয় পেলে কলকাতা শেষ চারে থাকবে। হারলেও তাদের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল কলকাতা। তবে হায়দরাবাদের বিপক্ষে জয় পাওয়ায় সব সমীকরণকে পেছনে ফেলে সেমির টিকেট নিশ্চত করল গৌতম গম্ভীরের দলটি। এর আগে নিজেদের প্রথম মুখোমুখিতে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল কলকাতা। আজ আবারও সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে জিতেই আসরে টিকে থাকার সুযোগ পেল কলকাতা।