জ্যেষ্ঠ প্র3001তিবেদক : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

এ উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছাবোধ আমাদের সোনালী ঐতিহ্য। বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ।’

 

বিএনপি ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করে না জানিয়ে দলটির প্রধান বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীসমূহের সম্মিলিত আকাঙ্খার স্ফুরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সব সময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।’

 

খালেদা জিয়া বলেন, ‘যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে তিনি মানুষকে আহ্বান করেছেন। হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয়- সে কারণেই স্মরণে নিতে হয় অ-হিংসার মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানবজাতির জন্য সমানভাবে প্রযোজ্য।’

 

তিনি বলেন, ‘জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানবজাতি আজ যখন ছিন্নভিন্ন, যখন মানুষ অহংকার, হিংসা আর গ্লানির মিশ্র জীবনযাপন করছে তখন মহামতি গৌতম বুদ্ধের অহিংসা, মানবপ্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ।’

 

বুদ্ধ পূর্ণিমার সকল আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করেন খালেদা জিয়া।

 

অপর এক বাণীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ অহিংসা ও মানুষে-মানুষে গভীর ভালবাসার বাণী প্রচার করে গেছেন। তিনি তার অনুসারীদের চিরন্তন মানবকল্যানে ব্রতী এবং জীবের প্রতি প্রেম দেখাতে উদ্ধুদ্ধ করে গেছেন। বর্তমান অশান্ত ও সংঘাতপূর্ণ সময়ে বিশ্ব সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস।’