সালেক উদ্দিন মালেক, ঢাকাঃ অবশেষে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় নিজের টিভি চ্যানেল থেকে চাকরিচ্যুত হলেন বিপ্লব শাহরিয়ার। নিজ কর্মক্ষেত্র এসএ টেলিভিশনের বিভিন্ন প্রতিনিধির নিকট থেকে অর্থের বিনিময়ে সংবাদ সম্প্রচারের অভিযোগে বরখাস্ত হয়েছেন এসএটিভি’র এই বার্তা সম্পাদক বিপ্লব শাহরিয়ার।
নাম প্রকাশ না করার শর্তে চ্যানেলটির মানব সম্পদ বিভাগের এক কর্মকর্তা ও কয়েকজন সিনিয়র সংবাদকর্মী জানান, শাহরিয়ার বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্যাকেজ আটকে রেখে সম্প্রচারের শর্তে তাঁদের নিকট থেকে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছিলেন। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্প্রচারের জন্য এসএটিভি’র রাজশাহী প্রতিনিধির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি।
কিন্তু ওই প্রতিনিধি তাতে অপারগতা জানান। সে সময় তাঁর সাথেসহ বিভিন্ন সময় গোটা দেশের অনেক সম্প্রচার প্রতিনিধির সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন বার্তা সম্পাদক শাহরিয়ার। দীর্ঘদিনের এ সকল অভিযোগের এক পর্যায়ে সম্প্রতি বিষয়টি এসএটিভি’র বার্তা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান ওই প্রতিনিধি।
এসএটিভি সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি এ ধরণের বেশকয়েকটি প্রমাণসহ অভিযোগ এসএটিভি’র ব্যবস্থাপনা পরিচালকের নিকট গেলে, তাঁর নির্দেশে শাহরিয়ারকে গত ২ মে ষ্টেশন থেকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত: বিপ্লব শাহরিয়ার একুশে টেলিভিশন ও বৈশাখী টেলিভিশন থেকেও চাকরিচ্যুত হন একই প্রকৃতির অভিযোগে। বৈশাখী টেলিভিশনের আগে তিনি আরটিভিতে ছিলেন। সেখানেও সহকর্মীদের সাথে অসাদাচারনের দায়সহ নানা গুরুতর অভিযোগের কারণে বরখাস্ত হয়েছিলেন। বন্ধ করে দেওয়া জনপ্রিয় টেলিভিশন ’চ্যানেল ওয়ান’-এ ও এনটিভিতে কাজ করেছেন বিপ্লব শাহরিয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক এসএটিভি’র সংবাদকর্মীরা অভিযোগ করেন, সহকর্মীদের সাথে খারাপ আচরণ ও সব সময়ই তুচ্ছ-তাচ্ছিল্য করতেন বার্তা সম্পাদক বিপ্লব শাহরিয়ার। নিউজ রুমের মতো স্পর্শকাতর কক্ষে অব্দি গুরুত্বপূর্ণ দায়িত্ব-কর্তব্য ফেলে বিভিন্ন অপকর্ম আর নিম্নমানের নানা চক্রান্ত-ষড়যন্ত্রের কুটবুদ্ধি ও পরামর্শদাতা গ্রুপের প্রধান হিসেবে কাজ ফেলে বেশি সময় পার করতেন তিনি। শুধুমাত্র তাঁর কারণেই এসএটিভি’র অনেক যোগ্য, মেধাবী, বুদ্ধিদীপ্ত আর দায়িত্বশীল সহকর্মী একে একে বাধ্য হয়েই চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে বাধ্য হয়েছেন। এ সকল বিষয়ে এসএটিভি’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও ’তাঁদের সিন্ডিকেটে’র আর টিভি কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এতোদিনেও কোনই ব্যবস্থা নিতে পারেনি বলেও ভেতরকার সূত্রগুলো জানিয়েছে।
শেষ রক্ষা না হওয়ায় এসএটিভি’র বার্তা সম্পাদক বিপ্লব শাহরিয়ারকে বরখাস্ত করায় তাঁর অনেক মেধাবী ও বিক্ষুব্ধ সহকর্মীরা উল্লাস প্রকাশ করে সন্তোষ জানিয়েছে। এর ফলে বার্তা বিভাগে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলেও জানান তাঁরা। তবে আরেক বার্তা সম্পাদক শিপন হালদারের বিরুদ্ধেও এসএটিভির প্রতিনিধিদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে ফ্ল্যাট ক্রয়সহ নানা অনিয়মের অভিযোগটি পেন্ডিং রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, এসএটিভির’ই শিক্ষানবীশ এক নিউজ রুম এডিটরের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে বিপ্লব শাহরিয়ার বিরুদ্ধে।