ক্রীড়া প্রতিবেদক : এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ১২৯। বিরাট কোহলি ১০৯। নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান।
ডি ভিলিয়ার্সণ্ডকোহলির ব্যাটিং তাণ্ডবে বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১০৪ রানেই গুটিয়ে গেল গুজরাট লায়ন্স। ফলে ১৪৪ রানের ব্যবধানে জয় পায় বেঙ্গালুরু।
যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এর আগে ২০০৮ সালে সর্বোচ্চ ১৪০ রানের ব্যবধানে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেটা অবশ্য এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই।
শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট লায়ন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম। ১৯ রানের মাথায় গেইলকে ফিরিয়ে উল্লাসে মেতেছিল গুজরাটের খেলোয়াড়রা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২২৯ রান তুলে গুজরাট লায়ন্সের উল্লাসে পানি ঢেলে দেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।
ডি ভিলিয়ার্স ৫২ বলে ১০চার ও ১২ ছক্কায় ১২৯ রানে অপরাজিত থাকেন। কোহলি ৫৫ বলে ৫চার ও ৮ ছক্কায় ১০৯ রান করেন। তাদের দুজনের ব্যাটে ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান!
২৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুজরাট লায়ন্স। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি তারা।
ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেন অ্যারোন ফিঞ্চ। ২১ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। আর ১১ রান করেন অধিনায়ক ম্যাককালাম। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
বল হাতে বেঙ্গালুরুর ক্রিস জর্দান ৩ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। চাহাল ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ বল করে ২ উইকেট নেন শচীন বেবি। এ ছাড়া ১টি উইকেট নেন অরবিন্দ।
ম্যাচসেরা নির্বাচিত হন ব্যাট হাতে তাণ্ডব চালানো এবি ডি ভিলিয়ার্স।