জ্যেষ্ঠ প্র
তিবেদক : আশপাশের ১৬টি ইউনিয়ন যুক্ত করে ঢাকা সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই মহানগরীর আয়তন বেড়ে দ্বিগুণেরও বেশি হচ্ছে।
সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণে যুক্ত হচ্ছে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ। একইভাবে উত্তরে যুক্ত হচ্ছে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী মোট ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় দুই সিটির আয়তন বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তবে এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়তন ও জনসংখ্যা দক্ষিণ সিটি করপোরেশনের তুলনায় বেশিই থাকছে।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, নতুন আটটি ইউনিয়ন উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলে মোট জনসংখ্যা হবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭ জন। অন্যদিকে সমানসংখ্যক ইউনিয়ন যুক্ত হওয়ার পরও দক্ষিণ সিটি করপোরেশনের জনসংখ্যা হবে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান আয়তন ৪৫ বর্গকিলোমিটার। এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ১০৯ দশমিক ১৭ বর্গকিলোমিটার। নতুনভাবে যুক্ত হওয়া আটটি ইউনিয়নের আয়তন ৬৪ দশমিক ১৭ বর্গকিলোমিটার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান আয়তন ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার। এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে উত্তর সিটির মোট আয়তন হবে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সাত-আট মাস ধরে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করেছে। গত বছরের ৭ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাতটি ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ১৬টি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে।