বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশবাসী ভালো করেই জানে, বিএনপি নামক রাজনৈতিক দলটি এ দেশের সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে।

বুধবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের।

কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এ দেশের জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

কোনো অশুভ শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্যাৎ করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।