অস্প্রদায়িক দাঙ্গা ভুলে সবাই মিলেমিশে বসবাস করার জন্যই দেশকে স্বাধীন করা হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। এখানে সকল ধর্মের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, আমরা বাঙালি, আমাদের মাঝে সব ধর্মের মানুষ রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই মিলেই বাংলাদেশ। সবাই মিলে এ দেশকে স্বাধীন করেছিল। এ দেশকে মায়ের মতো করে গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে সংবিধান দিয়েছিলেন, সেখানেও সব ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা অজয় কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।