চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়কা শবনম বুবলীর বিয়ে আর সন্তানের খবরটি এতদিন শোবিজে গুঞ্জন হিসেবেই থাকলেও অবশেষে তারা দুজনেই গত শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আনেন।
তারা জানান, তাদের সংসারে পুত্রসন্তান হয়েছে। নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম নেয় বীর। তবে এখনো আড়ালে ছিল তাদের বিয়ের সংবাদটি।
অবশেষে বিয়ে তারিখ প্রকাশ্যে আনলেন বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। সঙ্গে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুটি ছবিও।
ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবিবাম্পের পুরোনো ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। এর কদিন পরই (৩০ সেপ্টেম্বর) এক পোস্টে সন্তানের ছবি ও নাম জানান শাকিব-বুবলী। দু’জনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর।
বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।