ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জীবন মিয়া (৩২) নামের চালককে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল পুলিশ।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাকে যৌন নিপীড়ন করা হয়েছে। পরে সে জানায় অ্যাম্বুলেন্স চালক তাকে দুই বার ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও জানান কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।
দুপুরে কিশোরীর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
জানা যায়, কিশোরীটি (১৪) তার নানীর সাথে জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামে বসবাস করে। বর্তমানে নানী-নাতনী জেলা শহরের পশ্চিম মেড্ডায় পৃথক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন।
শনিবার (১ অক্টোবর) ভোরে পশ্চিম মেড্ডায় কিশোরটি বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্স চালক জীবন জোরপূর্বক তাকে উঠিয়ে নেয়। সেখান থেকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায় এনে তাকে ধর্ষণ করে। ঘটনার পর পরই ওই এলাকায় অন্য একটি অভিযানে বের হয় সদর মডেল থানার উপপরিদর্শক ইব্রাহিম আকন্দ। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে পেয়ে বিষয়টি জানালে, তাদের সহায়তায় জীবনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা হয় কিশোরীকে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ জানান, আমি একটি চুরির মামলার বিষয়ে ওই এলাকায় গিয়েছিলাম। এসময় ১৩/১৪ বছরের তিন কিশোর আমাকে জানান, একটি অ্যাম্বুলেন্সে করে একটি মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। পরে তাদের সহযোগিতায় প্রথমে অ্যাম্বুলেন্স চালককে আটক করি, পরে উদ্ধার করা হয় কিশোরীকে।