রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১ অক্টোবর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেসময় তাদের কাছ থেকে লুটকৃত স্বর্ণ, মোবাইল এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।
এ বিষয়ে আগামীকাল সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।