‘লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নামলে খবর আছে। জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।’ উল্লেখ করে বিএনপি কে কঠোর হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে, সংবিধানে অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবে।’ এ সময় বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়। আওয়ামী প্রস্তুত ও সতর্ক আছে। রাজপথ থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে- কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ছায়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের দিন ২৮ সেপ্টেম্বর যেসব শিশু জন্মগ্রহণ করেছে সেইসব শিশুদের প্রতিনিধিদের মধ্যে বিশেষ উপহার প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।