ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান জানান, সকালের দিকে স্কুলের ষষ্ঠ ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। অন্য শিক্ষার্থীরা বিষয়টি তাকে অবগত করে। পরে তিনিসহ অন্য শিক্ষকেরা বিদ্যালয়ের দুটি টিউবওয়েলের মধ্যে একটি টিউবওয়েলে পানিতে কীটনাশকের গন্ধ পান। তারপরই টিউবওয়েল সিলগালা করে দেন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক বলেন, প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ভালো আছে, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাদের ছাড়পত্র দেওয়া হবে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বহিৃ শিখা জানান, কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে এর সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।