‘বিশ্বে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না’-এ কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করতে গিয়ে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে বিদেশে গিয়ে বড় বড় কথা বলছেন। মার্কিনদের ওখানে গিয়ে বলছেন, যে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। তার(প্রধানমন্ত্রী) মুখে এটা মানায় না। তিনি নিজে এদেশে এই হত্যার সঙ্গে জড়িত। সরকার এই হত্যাগুলো করছে, গুম করেছে ৬‘শর ওপরে মানুষ।

ফখরুল বলেন, ‘আজকে শত শত মানুষকে থানায় নিয়ে পঙ্গু করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আজকে অপরাধ দমনের ক্ষেত্রে এই সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে র‌্যাবকে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে, ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।এটা নিয়ে সরকারের কোনও মাথা ব্যথা নেই।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জনগণ এ সরকারকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। মানুষ বলে দিয়েছে যে, তোমাদেরকে আর দরকার নাই। বহু হয়েছে, এনাফ ইজ এনাফ।

ফখরুল বলেন, ‘শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে’ এই আন্দোলন এই সংগ্রাম, এই আত্মদান, এই রক্তপাত–এটা বিএনপির জন্য নয়, এটা পুরো জাতির জন্যে। আজকে সমস্ত জাতি একটা মহাসংকটে পড়েছে। ওরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে যে, পত্র-পত্রিকাগুলোতে কেউ সাহস করে সত্য কথাটা বলতে পারে না- এই অবস্থায় দাঁড়িয়ে গেছে।

রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক আফম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন, সদস্য সচিব আবদুস সালাম, রচনা প্রতিযোগিতায় শিশু শাখার বিজয়ী সাজিদ জাহিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক কামরুল আহসান, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সোহরাব উদ্দিন, শামসুজ্জোহা মেহেদি, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েলসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।