কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়ার গজনবীপুর গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস লাগানো এবং হাত-পা বাধা অবস্থায় মফিজ (৫৭) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পুর্ব দিকের মংলাগাছা মাঠের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গ্রামের মাঠে কৃষককরা কাজ করতে গিয়ে মফিজ মিয়ার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে নিজ স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল মফিজের।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি আননুন জায়েদ জানান, লাশটির হাতে ও গলায় রশি বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া মারা যাওয়া ব্যক্তির দাঁতে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, তবে কারা কি কারণে হত্যা করেছে এখনো যানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই আজিজ মন্ডলকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।