দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির নেতৃত্ব প্রশ্নে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি দলটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় প্রকাশ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। অব্যাহতি পেয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে তো হুমকিই দিয়ে বসলেন রাঙ্গা। এ অবস্থায় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিংবা বাদ দেওয়া সবাইকে ফিরিয়ে আনতে জি এম কাদেরকে নির্দেশ দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রওশন তার সংসদের প্যাডে সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেন।

চিঠিতে রওশন উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১)-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩-এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতাকর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’

চিঠিতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আবদুল গাফফার বিশ্বাস, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বাচ্চুসহ দেশজুড়ে অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সকল নেতাকর্মীদের আগের পদ পদবিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।