আওয়ামী লীগ-বিএনপির ক্ষমতায় টিকে থাকার রেষারেষিতে সাধারণ মানুষকে বলি বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষকরা আজ ভিসি-প্রোভিসি হওয়ার জন্য এমপি ও নেতাদের কাছে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট থাকত না।

তিনি আরো বলেন, গণমাধ্যমের পায়ে শিকল। তারা আজ করপোরেট ডাকাতদের দখলে। ধর্ষকরা আজ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন। প্রধানমন্ত্রীও লন্ডনে গিয়ে মিথ্যাচার করেই যাচ্ছেন।

এ সময় গুম হওয়া পরিবারের নারীদের নিয়ে সরকার দলের নেতাকর্মীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন নুরুল হক নুর।

সভায় গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ড. আসিফ নজরুল, হাসনাত কাইয়ুমসহ অনেকেই।